নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানায় ফের অভিযান

মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু।
আবহাওয়ার বৈরীভাব থাকায় বুধবার সন্ধ্যার অভিযান শেষে বিরতি দেয়া হয়েছিল। ঝড়-বৃষ্টি কমে যাওয়ায় আবার অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পুলিশের বিশেষায়িত দল সোয়াটের সদস্যদের একাধিক যানবাহনে করে নাসিরপুরের জঙ্গি আস্তানার দিকে যেতে দেখা গেছে।
ভোররাত থেকে মৌলভীবাজারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ কারণে জঙ্গি আস্তানায় অভিযান বিঘ্নিত হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত ও গতকাল বুধবার ভোরে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ। একটি বাড়ি মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে অবস্থিত। অন্য বাড়িটি শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে।
দুটি জঙ্গি আস্তানায় সোয়াট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ‘অপারেশন হিট ব্যাক’ নামে এই অভিযান শুরু করেন। বৃষ্টির মধ্যেই অভিযান শুরুর পর ওই বাড়ির দিক থেকে টানা গোলাগুলির শব্দ পাওয়া যায়।
অভিযান-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, রাতের অন্ধকারে অভিযান চালানো খুব ঝুঁকিপূর্ণ। তাই রাতে কিছুটা বিরতি নিয়ে দিনের আলোতে ফের অভিযান চলবে।
জঙ্গি আস্তানা দুটি সারা রাত ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে। দুটি বাড়িই লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের মালিকানাধীন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031